ভিন্নধর্মী চিঠি প্রদর্শনী ‘ডাকপিয়ন’

চিঠির কথা শুনলেই মনে অনুরণন জাগে। এক টুকরো কাগজ, কিন্তু তাতে কতই না অনুভূতি। বাংলা সাহিত্যে এ নিয়ে লেখালেখি হয়েছে বেশ। চিঠিই ছিলো এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু সময়ের আধুনিকায়নে জৌলুশ হারিয়েছে চিঠি।

তবে এবার চিঠির আবেদনকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ও স্মৃতিচারণ করতে ‘ডাক পিয়ন-৩’ শিরোনামে তৃতীয়বারের মত চিঠি প্রদর্শনীর আয়োজন করছে হুমায়ূন ভক্তদের সংগঠন হিমু পরিবহণ।
 
শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শুরু হয়েছে দুইদিন ব্যাপী এই চিঠি প্রদর্শনী অনুষ্ঠান। 

বেশ কিছুদিন আগে থেকে প্রদর্শনীর উদ্দেশ্যে ফেসবুক ইভেন্টের মাধ্যমে চিঠি সংগ্রহ করতে শুরু করে হিমু পরিবহণের তরুণ সংগঠকরা। তাতে সাড়া দিয়ে দেশ-বিদেশ থেকে অনেকেই নিজেদের সংগ্রহে থাকা চিঠি পাঠান। সেখান থেকে নির্বাচিত ৬৪টি চিঠি নিয়ে আয়োজন করা হয়েছে এবারের উৎসব। অতি সাধারণ থেকে শুরু করে বিখ্যাত মানুষেরও চিঠি স্থান পেয়েছে এ তালিকায়।

 

২৫ ও ২৬ এপ্রিল বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৫ম তলায় চলবে এই প্রদর্শনী।