চাচা-ভাতিজার দ্বন্দ্ব: সালিশি বৈঠকে ২ পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট বাজারে চাচা-ভাতিজার দ্বন্দ্বের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সালিশি বৈঠক চলাকালে এ সংঘর্ষের সূত্রপাত। এসময় দুই পক্ষের অন্তত ১০টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রাজীব (২৮) এবং লিমন(২৬) নামের দুই যুবককে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

জানা গেছে, হরিহাট বাজারে দুটি দোকানকে কেন্দ্র করে এলাকার দুই স্থানীয় বসিন্দার মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তারা সম্পর্কে চাচা ভাতিজা। বিষয়টি নিয়ে মঙ্গলবার সালিশি বৈঠকের আয়োজন করে। এরমধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন পশ্চিম আলগী গ্রামের দেলোয়ার মাতুব্বর ও অপর পক্ষের নেতৃত্ব দেন আলী মাতুব্বর। ওই বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আলগী গ্রামের হরিরহাট বাজারে দোকানের পজিশন নিয়ে দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।