মুন্সীগঞ্জে মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাটির নিচ থেকে উদ্ধারকৃত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে আশপাশের কয়েকটি ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে ঘরের জানালার কাচ ভেঙে যায় এবং দোকানের শাটার বেঁকে যায়। টিভি-ফ্রিজ ক্ষতিসহ চাল উড়ে গেছে কয়েকটি ঘরের।

গজারিয়া খানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা মর্টার শেলটি নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হয়ে স্পিন্টার আশপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবির জানান, মাটি গর্ত করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে স্থানীয়দের জনরোষে পড়েন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। বিশেষ করে, গণমাধ্যম কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কয়েক জন।