দেশের শোবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম। তার ব্যক্তিত্ব, মিষ্টি হাসি, সাবলীল অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। নব্বই দশকে তার আত্মপ্রকাশ এবং সাফল্য। ওই সময়কার দর্শক এবং এ প্রজন্মের কাছেও অপি এখনো জনপ্রিয়। আজ বৃহস্পতিবার (১ মে) এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৭৯ সালের ১ মে জন্মগ্রহণ করেছিলেন অপি করিম। তার আসল নাম সৈয়দা তুহিন আরা অপি করিম।
অভিনেত্রীর জন্মদিন আরো বৈচিত্র্যময় হতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের ২০০০তম পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’- এ থাকছেন অপি। অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাত ১২টায় প্রচারিত হবে। ২০০০ পর্বের বিশেষ অতিথি হিসেবে থাকছেন এই অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী ও স্থপতি।
গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় মনোনয়ন পেয়েছিলেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। অপি করিমের সঙ্গে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ খেতাব অর্জন করেন অপি। এরপর তিনি বিজ্ঞাপনে ও নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া অনুষ্ঠান উপস্থাপনা, মঞ্চে অভিনয়, নাচ, সিনেমাতেও কাজ করেছেন তিনি।