প্রিমিয়ার লিগে বিপর্যস্ত ম্যানইউ–টটেনহাম এখন ইউরোপার ফাইনালের পথে

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে নিজেদের বাজে পারফরম্যান্সে সমালোচিত ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পার্স ইউরোপার মঞ্চে দেখাচ্ছে একেবারে ভিন্ন রূপ। লিগ টেবিলে যথাক্রমে ১৪ ও ১৬ নম্বরে থাকা এই দুই দল ইউরোপা লিগের সেমিফাইনালে বড় জয় নিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) রাতে ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে ৩–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে ইংল্যান্ডেরই ক্লাব টটেনহাম নরওয়েজিয়ান দল বোডো/গ্লিমটকে হারিয়েছে ৩–১ গোলে। এই দুটি ফলাফলের পর ২২ মে স্পেনের সান মেমেসে হতে যাওয়া ফাইনালে দেখা যেতে পারে দুই ইংলিশ ক্লাবের দ্বৈরথ।

সেমিফাইনালের প্রথম লেগে বিলবাওয়ের মাঠেই প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড। ম্যাচের ৩০ মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রুবেন আমোরিমের দল। এরপর ৩৫ মিনিটে ইউনাইটেড ফরোয়ার্ড রাসমুস হয়লুন্দকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাও ডিফেন্ডার দানি ভিভিয়ান। এই ফাউলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ করেন দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে তাঁর দ্বিতীয় গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৩–০। দ্বিতীয়ার্ধে বিলবাও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যবধান কমাতে পারেনি।

তবে বড় জয়ের পরও সতর্ক অবস্থানে রয়েছেন ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। তিনি বলেন, 'আমার খেলোয়াড়দের এখন পরের লেগ নিয়ে ভাবতে হবে। প্রথম ২০ মিনিটেই খেলা ঘুরে যেতে পারে। কারণ, এখন আর অ্যাওয়ে গোলের সুবিধা নেই।'

এদিকে টটেনহামও ঘরের মাঠে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ব্রেসনান জনসন। এরপর ৩৪ মিনিটে জেমস ম্যাডিসন এবং ৬১ মিনিটে ডমিনিক সোলাঙ্কি গোল করে ব্যবধান ৩–০ করেন। শেষদিকে বোডোর পক্ষে একমাত্র গোলটি করেন উরিক সল্টনেস।টটেনহামের গোল উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগ্লু বলেছেন, 'দল যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। আমাদের যা দরকার ছিল, মাঠে ঠিক সেটাই হয়েছে।'

প্রিমিয়ার লিগে ব্যর্থ হলেও ইউরোপা লিগে এই দুটি ক্লাবের পারফরম্যান্স যেন প্রমাণ করে দিচ্ছে, মঞ্চ ভিন্ন হলে মনোভাবও বদলে যায়। এখন দেখার বিষয়, ফিরতি লেগে কী হয় এবং সত্যিই কি দেখা যাবে 'অল ইংল্যান্ড' ফাইনাল?