বরগুনার তালতলী উপজেলার সাগর মোহনার পায়রা নদী থেকে একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুর ১টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা সমুদ্র সৈকত-সংলগ্ন পায়রা নদীর তীরে ডলফিনটি পাওয়া যায়। স্থানীয় জেলেদের সহায়তায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সদস্যরা ডলফিনটিকে উদ্ধার করে।
জানা যায়, দুপুরের দিকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত-সংলগ্ন পায়রা নদীতে একটি ডলফিন ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে কাছে গিয়ে ওই ডলফিনটিকে মৃত দেখেন তারা। এরপর পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) নামক একটি সংগঠনের তালতলী শাখার সদস্যদের খবর দিলে তার মৃত ডলফিনটিকে উদ্ধার করেন। এ সময় ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং লেজের অংশে কাটা দাগ দেখা যায় বলে জানান স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে তালতলী বনবিভাগের নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। ডলফিনটি উদ্ধারের পর যাতে পরিবেশে দুর্গন্ধ ছড়িয়ে না পরে সে কারণে দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।
ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, কিছু পর্যটক নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত থেকে নদীতে ভ্রমণ করছিলাম। এ সময় একটি মৃত ডলফিন পাওয়ার খবর পেলে ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করি। পরে স্থানীয় বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।