ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে পদদলিত হয়ে কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। এ সময় কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩ এপ্রিল) পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গত রাতে শিরগাও গ্রামে বার্ষিক 'শ্রী লাইরাই যাত্রা' উৎসব চলাকালীন এই ঘটনা ঘটে।
গোয়ার রাজধানী পাঞ্জিমের পুলিশ কর্মকর্তা ভিএস চাদোঁকার বলেন, ভক্তরা একটি ধর্মীয় অনুষ্ঠান দেখছিলেন। অনুষ্ঠান চলাকালীন উন্মাদনার ফলে পদদলিত হয়ে যায়। এতে ছয় জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে আট জনের অবস্থা আশঙ্কাজনক।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ভারতে বৃহৎ হিন্দু ধর্মীয় সমাবেশের সময় পদদলিত হওয়ার ঘটনা নিয়মিতভাবে ঘটে থাকে। কেননা নিরাপত্তা বিধি উপেক্ষা করে প্রচুর জনতা সংকীর্ণ স্থানে জড়ো হয়।