বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র বর্ষণের পর ‘সাতগুণ’ বেশি হামলার হুমকি ইসরায়েলের

তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন, ইসরায়েল আক্রমণকারীদের ওপর 'সাতগুণ' বেশি হামলা চালাবে।

টাইমস অফ ইসরায়েল সংবাদপত্র তাকে উদ্ধৃত করে বলেছে, 'যে কেউ আমাদের ক্ষতি করবে, আমরা তাদের সাতগুণ আঘাত করব।'

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের ব্যস্ততম বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়। এর সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, হামলার সময় মধ্য ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয়কেন্দ্রে চলে যায়।

অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে। পাশের রাস্তায় কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিকে, হুথিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি।