মুক্তাগাছায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জামাতা গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার ঘটনায় মনির হোসেন (২৫) নামক জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

শনিবার (৩ মে) দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লার সদর থানাধীন কোটবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির হোসেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। নিহতের নাম ফজিলা খাতুন (৪৫)। তিনি একই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

বৃহস্পতিবার (১ মে) রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাক বিতণ্ডার এক পর্যায়ে সে ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করে। তার চিৎকার শুনে শাশুড়ি ফজিলা খাতুন এগিয়ে আসলে মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করে। পরিবারের লোকজন আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, পারিবারিক বিরোধের জের ধরে মনির শাশুড়ি ফজিলাকে হত্যা করেছে। শাশুড়ি মারা যাওয়ার পর মনির গ্রেপ্তার এড়াতে পরিচয় গোপন করে কুমিল্লা সদর থানাধীন কোটবাড়ি এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।