তৌহিদ হোসেনকে ইসহাক দারের ফোন, ভারতের সঙ্গে উত্তেজনার কথা জানালেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফোনালাপে তিনি ভারতের সঙ্গে চলমান উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবগত করেন।  

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে। ইসহাক দার ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করেন। তিনি আঞ্চলিক উত্তেজনার বিষয়ে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং দেশটির একতরফা পদক্ষেপকে দায়ী করেন।   

Screenshot 2025-05-06 011915

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চলমান উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি দুই পক্ষকে সংযম প্রদর্শনের ওপর গুরুত্ব দেন। 

তারা দু’জনই বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ব্যাপারে নিয়মিত উচ্চ পর্যায়ে যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।