সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় এক চালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার সকালে সাভারের মোজারমিল ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকার মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ট্রাকের চাকা বালুতে ডেবে যায়। খবর পেয়ে মোহাম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকটি উঠানোর চেষ্টা করেন। এ সময় বালুবাহী অপর একটি ট্রাক তাকে চাপা দিয়ে গুরুতর আহত হন মোহাম্মদ আলী। এ ঘটনায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত মোহাম্মদ আলী সাভারের ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার মৃত আজমত আলীর ছেলে। তিনি একজন পরিবহন ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
 
অন্যদিকে, সকালে সাভারের মোজারমিল এলাকায় একটি ভটভটি নিয়ে কয়েকজন শ্রমিক মহাসড়কের পাশে ময়লা ফেলতে যায়। এ সময় কুড়িগ্রাম থেকে চট্রগ্রামের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৫৫৫) একটি গাড়ি ময়লা বোঝাই ভটভটি গাড়িটিকে চাপা দিলে চার শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মনির (২৭) ও রতন (৪০) নামে দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী শেখ ফজিলাতুনন্নেসা মুজিব হাসপাতালে নিয়ে যায়। এছাড়া অজ্ঞাতনামা আরও দুইজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ভটভটি চালক মারা গেলেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

আরো পড়ুন: লন্ডনে দূত সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিনুর রহমান জানায়, শনিবার সকালে মোজারমিল এলাকায় ময়লা বোঝাই ভটভটি নিয়ে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় তারা আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এসময় হানিফ পরিবহনের ঘাতক বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক চালককে আটকসহ নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এমআই