ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাস চালানো সেই চালক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া সেই চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৭ মে) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল কাদের জিলানী।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। সে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের পুত্র।

পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস। রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায় বাসটি। এসময় ছাদ উড়ে গেলে যাত্রীদের ঝুঁকিতে ফেলে আরও দ্রুতগতিতে সেটি চালিয়ে কুমারভোগ এলাকায় বাসটি রেখে পালিয়ে যান চালক। 

এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিউর রহমান।

এদিকে দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানিয়েছিলেন, ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বাসটি দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক বাসটি না থামিয়ে আরও বেপরোয়া গতিতে চালাতে থাকে। সমষপুর এলাকায় পৌঁছে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির ছাদ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে। এ সময় আহত যাত্রীদের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে বাসটি আটক করে জনতা, পালিয়ে যায় চালক-হেলপার।