১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ ভাইয়ের

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদের পাড়ে স্বজনদের কান্না যেন ক্রমেই বাড়ছে। হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করছে সেখানে।  সবার চোখে পানি। নদে ডুবে যাওয়া শিশু দুটির মরদেহ দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। ১৮ ঘণ্টার চেষ্টাও উদ্ধার করতে পারেনি ৬ সদস্যের ডুবুরীদল। 

শিশু দুইজনের জন্য নদের পাড়ে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। একসঙ্গে আপন দুই সহোদরের এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকার মানুষজনের মাঝে।

জানা গেছে, গত শনিবার বেলা তিনটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় ইব্রাহিম আলী (১২) ও ইমরান  হোসেন (৮) নামের দুই সহোদর ভাই। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। খবর পেয়ে উলিপুর থানার ওসি ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় প্রায় ১০ঘণ্টা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুই ভাইকে উদ্ধার করতে পারেনি।

ইমরান ও ইব্রাহিম ছোট বেলা থেকেই ওই চরের বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতেই থাকে।

উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, গত ১৮ ঘণ্টা ধরে  উলিপুর এবং রংপুর থেকে ৬ জনের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্রহ্মপুত্রের স্রোত থাকায় ভাটির দিকে যেতে পারে।