‘ইনসাফ’ কায়েম করতে ফুল আর কুড়াল হাতে তাসনিয়া ফারিণ

টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে নাটক, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিনয়ের পর এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে বড় পর্দায় দেখা যাবে তাকে। নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘ইনসাফ’ নামের সেই ছবিতে অ্যাকশন তারকা হয়েই আসবেন ফারিণ। 

রোববার (১১ মে) সন্ধ্যায় ফারিণ অভিনীত ছবির চরিত্রটি সম্পর্কে ধারণা দিতে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। আর তাতেই আটকে গেছে নেটিজেনদের চোখ! কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।

এবার মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণের। ছবি: সংগৃহীত

পোস্টারে লক্ষ্য করলে দেখা যায়, ফারিণের আবেদনময়ী লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। তাতে দেখা গেছে, ফারিণের এক হাতে রক্তাক্ত কুড়াল, আরেক হাতে গোলাপ। চেহারায় চিন্তার ছাপ। পোস্টারটি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয় মূলধারার বাণিজ্যিক সিনেমায় তার আগমনী বার্তা। ফারিণের লুক প্রকাশ করে পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’

‘ইনসাফ’ ছবির পোস্টারে দেখা গেছে ফারিণের এক হাতে রক্তাক্ত কুড়াল, অন্য হাতে গোলাপ। ছবি: সংগৃহীত

ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিনয়জীবন আট বছর হতে চলল। শুরুর দিকে ‘ফাতিমা’ নামের একটি সিনেমায় অভিনয় করেন। ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে দেশের আগেই কলকাতার প্রেক্ষাগৃহে ফারিণের অভিষেক হয়। ‘আরও এক পৃথিবী’ নামের সেই ছবির জন্য ভারতে পুরস্কৃত হন ফারিণ। এবারই প্রথম মূলধারার ছবিতে কাজ করলেন তিনি।

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

পরিচালক সঞ্জয় সমদ্দার জানালেন, ‘ইনসাফ’ ছবিতে ফারিণের চরিত্রের নাম জাহান। এই চরিত্রের জন্য ফারিণকে চূড়ান্ত করা প্রসঙ্গে সঞ্জয় গণমাধ্যমকে বললেন, ‘আমার একজন পরিণত অভিনয়শিল্পীর দরকার ছিল, যার আবার নায়িকা উপস্থাপন দর্শকের জন্য চমক হয়ে থাকবে। আমাদের দুজনের একসঙ্গে কাজের অভিজ্ঞতা আগেও ছিল। সিনেমায়ও তার সিনসিয়ারিটির পরিচয় পেয়েছি। চরিত্রের প্রতিও সুবিচার করেছেন। আমরা এটা বলতে পারি, দর্শক নতুন ফারিণকে আবিষ্কার করবেন।’

‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

নির্মাতা আরও জানালেন, ‘ইনসাফ’ ছবিতে ফারিণের চরিত্রের কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। গত ঈদুল ফিতরে ফারিণ একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। কাজল আরেফিন পরিচালিত ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে সহশিল্পী ছিলেন অপূর্ব। কমেডি ও রোমান্টিক ধাঁচের সেই ওয়েব ফিল্মের জন্য প্রশংসিত হন ফারিণ। তখন তিনি বলেছিলেন, মূলধারার বাণিজ্যিক সিনেমার আগে ‘হাউ সুইট’ ছিল একটা মহড়া।

‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে শরিফুল রাজকে। ছবি: সংগৃহীত

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ছবিটিতে ফারিণ অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে। র‍্যাম্প মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরীফুল রাজের পথচলা শুরু। প্রথম ছবি ‘আইসক্রিম’ দিয়ে নজর কাড়েন। তবে রাজকে বেশি আলোচনায় এনেছে ‘পরাণ’। প্রশংসিত হয় রাজের অভিনয়, লুক, অঙ্গভঙ্গি। এরপর তার অভিনীত ‘হাওয়া’, ‘দামাল’,‘ কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’ ও ‘ওমর’ মুক্তি পায়। প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড তারকাকে। গত বছর শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’র শুটিং। ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধিকা পাল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না। তবে এই সময়ে বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়েছেন, সেখান থেকেই ভালো লেগে যায় ‘ইনসাফ’।

‘ইনসাফ’ ছবির পোস্টারে এভাবেই দেখা গেছে মোশাররফ করিমকে। ছবি: সংগৃহীত

গত ২৫ এপ্রিল প্রকাশিত হয় ‘ইনসাফ’ ছবির ফার্স্ট লুক পোস্টার। তখন দেখা গিয়েছিল, হাতে রক্তাক্ত কুড়াল, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির শরীফুল রাজ। পোস্টারটি ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছিল, ‘ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!’ সেই পোস্টারের মাধ্যমে সিনেমাটির নায়ক শরীফুল রাজকে পরিচিত করা হয়। তারই ধারাবাহিকতায় পরে এসেছে মোশাররফ করিমের পরিচিতি নিয়ে ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার। ক্যাপশনে লেখা ছিল, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’

‘ইনসাফ’ এ তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেকে।