কৃত্রিম বুদ্ধিমত্তায় অবদান রাখায় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেলেন শাহী আল-সাদাত

ভবিষ্যৎ নেতৃত্ব, কিশোরদের নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবনে বৈশ্বিক অবদান রাখায় পিবিআইএফ ইন্টারন্যাশনাল ডিজিটাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বাংলাদেশের শাহী আল-সাদাত। তার তৈরি এআই-ভিত্তিক প্ল্যাটফর্ম ‘What’ উদ্যোগের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।

তবে শাহী আল-সাদাতের জন্য এই অর্জন কেবল একটি পুরস্কারের গল্প নয় — এটি দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও মানুষের নিঃস্বার্থ ভালোবাসার সম্মিলিত ফল। তিনি বলেন, ‘আমার সফলতার পেছনে দুটি শক্ত ভরকেন্দ্র — আমার বাবা মো. শফিকুল ইসলাম এবং মেহেরপুরের সাবেক ডিসি শামীম হাসান স্যার। বাবা তখনই বিশ্বাস করেছিলেন, যখন কেউ করেনি। আর স্যার ছিলেন সেই মানুষ, যিনি সব সময় সঠিক পথে রাখতেন।’

সাদাত বলেন, তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন তার বন্ধু মাইশা মালিহা। তিনি স্মরণ করেন, ‘২০২৪ সাল ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। প্রত্যাখ্যান, ভয় আর আত্মহত্যার চিন্তা ঘিরে ধরেছিল আমাকে। সেই সময়ই মালিহার সাথে পরিচয়। ফেসবুকে তার ফ্রেন্ড রিকুয়েস্ট আসলে ভেবেছিলাম সিনিয়র কেউ। পরে স্টার্টআপ আইও-এর কাজে আমরা একসঙ্গে যুক্ত হই। একটি ৩৮ মিনিটের ফোনকলই আমাকে বাঁচিয়ে দেয়। ২০২৪ সালের অন্ধকার সময়ে, আমি যখন আত্মহননের দ্বারপ্রান্তে, তখন মালিহার নীরব উপস্থিতিই আমাকে ফিরিয়ে আনে।’

বর্তমানে সাদাত যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটিতে উমেন, জেন্ডার এবং সেক্সুয়ালিটি স্টাডি বিভাগে পূর্ণ স্কলারশিপে অধ্যয়ন করছেন। এর পাশাপাশি তার নাম যুক্ত হয়েছে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড, ৫০টির বেশি আন্তর্জাতিক স্বীকৃতি এবং ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ-২০২৪-এর মনোনয়নের তালিকায়।

মালিহার জন্মদিনেই চালু করা হয়েছিল 'Teen-X' App ও 'Teen-X Bangladesh' — সাদাতের উদ্যোগে কিশোরদের নিয়ে তৈরি দুটি প্ল্যাটফর্ম।