যেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ঢাবি শিক্ষার্থী সাম্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হবে।

বুধবার (১৪ মে) বাদ এশা সড়াতৈল হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন সাম্যর চাচা কায়ছার আলম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাম্যর মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষ গভীর শোক ও মর্মবেদনায় স্তব্ধ। সকলে তার মরদেহ পৌঁছানোর অপেক্ষায় আছেন।

শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতিতে জড়িত ছিলেন।

সাম্যর হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তার সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শিক্ষকরা। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।