জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

বাজেট বাড়ানোসহ চার দফা দাবিতে অবস্থানের দ্বিতীয় দিন শেষে সরকারের তরফে আশানুরূপ সাড়া না আসায় গণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও যোগ দেবেন বলেও ঘোষণা দেওয়া হয়েছে। 

চার দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরেও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। 

জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা

দিনের বেলা ‘কমপ্লিট শাটডাউনের’ পর বৃহস্পতিবার মাঝরাতের কিছু আগে নতুন এ কর্মসূচির ডাক দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন।

কাকরাইল মসজিদ মোড়ের অবস্থানস্থলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা জবি পরিবার ঐক্যমতে পৌঁছেছি; হয় দাবি আদায় হবে, নতুবা আমাদের মৃত্যু হবে। আজ দ্বিতীয় দিন পরেও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। সুস্পষ্টভাবে দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সাথে আমরা শিক্ষকরাও আজ এখানেই রাত্রি যাপন করব। আগামীকাল আমাদের সাথে সাবেক শিক্ষার্থীরা যোগ দেবেন। আর জুম্মার নামাজের পরপরই আমরা গণ অনশন কর্মসূচি পালন করব।