আদালত যে রায় দিয়েছে, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমন কথা বলেন তিনি। রিজভী জানিয়েছেন, ‘আদালত যে রায় দিয়েছে, তাতে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। আন্দোলন করছে ঢাকাবাসী, এখন আন্দোলন কি হবে না হবে, সেটা আন্দোলনকারীরা ঠিক করবে। সেটা তারা ওখানেই ঘোষণা দেবেন।’
এদিকে, এই আদেশের ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।
আদেশের পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তারা জানান, আদালত রিট খারিজ করে দেওয়ায় ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে কোনো বাধা নেই।
এদিকে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা।