ব্যবহারিক খাতা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২ টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র জিসান উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।  

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিসানের।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।