যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আবাসিক এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে দুর্ঘটনার ফলে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আশেপাশের এলাকা খালি করে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
সান দিয়েগো শহরের সহকারী অগ্নিনির্বাপণ প্রধান ড্যান এডি এক সংবাদ সম্মেলনে বলেন, বিমানটিতে থাকা বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বিমানে কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সান ডিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, 'সেসনা ৫৫০' নামের বিমানটি ১০ জন যাত্রী বহন করতে পারে। ভোর ৪টার ঠিক আগে তিয়েরাসান্তা এলাকার কাছে এটি বিধ্বস্ত হয়।
সান দিয়েগো পুলিশ বিভাগ জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় এবং ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
এর আগে ২০২১ সালের অক্টোবরে একই ধরণের এক দুর্ঘটনায় সান দিয়েগোর উত্তর-পূর্বে অবস্থিত সান্তি শহরে একটি বিমান ধ্বংস হয়। সেই দুর্ঘটনায়ও দুটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।