দক্ষিণ আফ্রিকার ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ বলে কঙ্গোর চিত্র দেখালেন ট্রাম্প

দক্ষিণ আফ্রিকায় 'শ্বেতাঙ্গ গণহত্যার'র প্রমাণ হিসেবে মিথ্যাভাবে কঙ্গোর একটি ফুটেজ উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে বিতর্কিত বৈঠকের সময় ছবিসহ একটি নিবন্ধের প্রিন্ট-আউট তুলে ধরেন ট্রাম্প। ছবিটি দেখিয়ে তিনি বলেন, 'এরা সবাই শ্বেতাঙ্গ কৃষক, যাদের কবর দেওয়া হচ্ছে।'

শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, প্রকৃতপক্ষে এই ছবিটি ৩ ফেব্রুয়ারি রয়টার্সের প্রকাশিত একটি ভিডিওর স্ক্রিনশট, যেখানে কঙ্গোর গোমা শহরে মানবিক কর্মীদের মৃতদেহের ব্যাগ তুলতে দেখা যায়। সংবাদ সংস্থাটির ফ্যাক্ট চেক টিম এটি যাচাই করেছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে চিত্রটি দেখান ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

রয়টার্স জানিয়েছে, ছবিটি রুয়ান্ডা-সমর্থিত 'M23' বিদ্রোহীদের সঙ্গে মারাত্মক যুদ্ধের সময় রয়টার্সের তোলা ফুটেজ থেকে নেওয়া হয়েছে।

হোয়াইট হাউসের বৈঠকের সময় ট্রাম্প দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে যে ব্লগ পোস্টটি দেখিয়েছিলেন, সেটি 'আমেরিকান থিঙ্কার' নামের একটি রক্ষণশীল অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল। ব্লগটি ছিল মূলত দক্ষিণ আফ্রিকা এবং কঙ্গোতে সংঘাত ও বর্ণগত উত্তেজনার বিষয়ে।

ওই ম্যাগাজিনের পোস্টটিতে ছবিটির ক্যাপশন দেওয়া হয়নি। তবে 'ইউটিউব স্ক্রিন গ্র্যাব' হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে ইউটিউবে কঙ্গো সম্পর্কে একটি ভিডিও সংবাদ প্রতিবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে।

এসব বিষয়ে হোয়াইট হাউস রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। আমেরিকান থিঙ্কারের ব্যবস্থাপনা সম্পাদক এবং প্রশ্নবিদ্ধ পোস্টের লেখক আন্দ্রেয়া উইডবার্গ রয়টার্সের এক প্রশ্নের জবাবে লিখেছেন, ট্রাম্প 'ছবিটি ভুলভাবে শনাক্ত করেছেন'।