থাইল্যান্ডে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত

থাইল্যান্ডের দক্ষিণ-মধ্যাঞ্চলে পুলিশের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন। শনিবার (২৪ মে) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, কানচানাবুরি পুলিশ এভিয়েশন ইউনিটের একটি 'বেল ২১২' মডেলের হেলিকপ্টার প্রাচুয়াপ খিরিখান প্রদেশের একটি গ্রামের কাছে ভূপাতিত হয়।

এক বিবৃতিতে রয়্যাল থাই পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা দুই পাইলট ও এক যান্ত্রিক কর্মী মারা গেছেন।

স্থানীয় উদ্ধারকর্মীরা জানান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

বিবৃতিতে থাই পুলিশ নিহতদের প্রতি শোক প্রকাশ করেছে। পুলিশপ্রধান কিত্রাত পানফেত এই ঘটনার তদন্ত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছেন।