সুদসহ অক্ষয়কে পারিশ্রমিক ফিরিয়ে দিলেন পরেশ রাওয়াল

‘হেরা ফেরি ৩’ সিনেমা ঘিরে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের বহু বছরের বন্ধুত্বে চিড় ধরল। অভিনেতার নতুন পদক্ষেপে সম্পর্কের সুতাটাও যেন এবার ছিঁড়ে গেল। কিছু অংশের শুট করার পর পরেশ রাওয়াল সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ছবির জন্য সাইনিং মানি হিসেবে ১১ লাখ রুপি নিয়েছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি টাকা পেতেন পরেশ রাওয়াল। মাঝ পথে বেরিয়ে যাওয়ায় আইনি প্যাঁচেও পড়তে হয়েছে তাকে! এরপরই পারিশ্রমিক ফিরিয়ে দেন অভিনেতা। 

‘বাবুরাও’ চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে, এ কথার খোলাসা হতেই মন ভেঙেছে দর্শকদের।

কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, নির্মাতাদের সঙ্গে মতের অমিলেই কারণে ‘হেরা ফেরি ৩’ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলিউড সূত্রে জানা যায়, এরপরই নাকি তাকে মুখোমুখি হতে হয় ২৫ কোটি টাকার আইনি নোটিশের!

অভিনেতা ও বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

‘হেরা ফেরি ৩’-এর শুটিং চলাকালীনই নাকি হঠাৎ করেই প্রোজেক্ট ছেড়ে দেন পরেশ। এই ছবির পরিচালনায় আছেন প্রিয়দর্শন, আর প্রযোজক হিসেবে রয়েছেন অক্ষয় কুমার।

গত ২০ মে ভারতীয় সংবাদমাধ্যম দাবি করে, অক্ষয় কুমারের টিম পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছে। কারণ তিনি নাকি চুক্তি ভেঙে মাঝপথে প্রোজেক্ট ছেড়েছেন, যার ফলে প্রোডাকশন হাউজের আর্থিক এবং শিডিউল সংক্রান্ত ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা যায়, ‘হেরা ফেরি ৩’-র জন্য  ১১ লাখ টাকা অগ্রিম পারিশ্রমিক পেয়েছিলেন পর্দার ‘বাবুরাও গণপত রাও আপ্টে’। সেই টাকাই ১৫ শতাংশ সুদ সহ ফিরিয়ে দিয়েছেন। 

চুক্তিপত্রে উল্লেখ রয়েছে, ছবি মুক্তির পর পারিশ্রমিকের বাকি টাকা পাওয়ার কথা ছিল অভিনেতার। শোনা যাচ্ছে, মাঝপথে প্রোজেক্ট ছেড়ে দেওয়ায় একটু বেশি টাকাই দিয়েছেন পরেশ রাওয়াল।

‘হেরা ফেরি’ সিনেমার ৩ চরিত্র ঘনশ্যাম (সুনীল শেঠি), বাবুভাইয়া (পরেশ রাওয়াল) আর রাজু (অক্ষয় কুমার)। ছবি: সংগৃহীত

পরেশ রাওয়ালের এই সিদ্ধান্তের পর হেরাফেরি টিমের প্রতিক্রিয়া কী ছিল?  সুনীল শেঠি বলেন, ‘এটা একটা বড়সড় ধাক্কা। আমি আমার ছেলে-মেয়ের (আথিয়া ও আহান) কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।’ 

পরিচালক প্রিয়দর্শন জানান, ‘আমরা পরেশজিকে নিয়ে একটা প্রোমোও শুট করেছি। হঠাৎ করেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। আমরা মিডিয়ার মাধ্যমে ব্যাপারটা জানতে পারি।’

নস্ট্যালজিয়ায় মোড়া তিনটি নাম- রাজু (অক্ষয় কুমার), ঘনশ্যাম (সুনীল শেঠি), আর বাবুভাইয়া (পরেশ রাওয়াল)। পর্দায় একসঙ্গে এলে দর্শকের হাসি থামতেই চায় না। সেই আনন্দের পরশেই কেটেছে একাধিক প্রজন্মের ছোটবেলা, কৈশোর। 

২০০০ সালে প্রিয়দর্শন পরিচালিত ‘হেরা ফেরি’ বক্স অফিসে তুমুল সাফল্য পায়। ২০০৬-এ আসে ‘ফির হেরা ফেরি’। সেই ধারাবাহিকতায় প্রায় ১৯ বছর পর তৈরি হচ্ছে তৃতীয় পর্ব ‘হেরা ফেরি ৩’।