শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুলশান ক্লাব লিমিটেড, গুলশান, ঢাকায় জামালপুর সমিতি ঢাকা’র নবগঠিত নির্বাহী কমিটির সভা ও বিশেষ সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি, সাবেক এমপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব এম. রশিদুজ্জামান মিল্লাত।
সভাটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। দ্বিতীয় পর্বে বিশেষ সাধারণ সভায় সমিতির আজীবন সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সমিতির বিভিন্ন বিষয়ে পরামর্শমূলক ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন।
স্বতঃস্ফূর্তভাবে মুক্ত আলোচনার মাধ্যমে সমিতির গঠনতন্ত্র সংশোধন, আয়-ব্যয়ের হিসাব, কার্যনির্বাহী কমিটির পরিধি বর্ধিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, সমিতি যেন কোনোভাবে বিভক্ত না হয়, সে বিষয়ে সবাই একমত পোষণ করেন এবং সব পর্যায়ের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির সভাপতি বলেন, “জামালপুর জেলার সামগ্রিক উন্নয়নের জন্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. এ. সাত্তার, সাবেক উপমন্ত্রী সিরাজুল হকসহ ঢাকায় কর্মরত সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, আমলা, চিকিৎসক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনেরা