রাজা খেললেন রাজার মতোই 

উড়ে এসে জুড়ে বসার মতো ব্যাপার! ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে টেস্ট খেলতে নেমেছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা। পাঁচ দিনের ম্যাচ দুদিন আগে শেষ হওয়ায় পিএসএলের ফাইনাল খেলার ডাক পান তিনি। কিন্তু ডাক পেলেই তো হবে না, সাড়ে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে তাকে মাঠে নামতে হবে। কঠিন এই যাত্রা করে পাকিস্তানের লাহোরে নেমে রাজা শুধু ম্যাচই খেললেন না, লাহোর কালান্দার্সকে শিরোপা জেতালেন। 

২২ গজে রাজার মতোই আগ্রাসন দেখিয়েছেন তিনি। দীর্ঘ যাত্রার কোনো ছাপ পড়েনি তার পারফরম্যান্সে। এমন মুহূর্তে তিনি কার্যকরী ব্যাটিং দিয়ে শিরোপা জিতিয়েছেন, যেটি দেখেও বিশ্বাস করতে পারছিলেন না লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 

সিকান্দার রাজার কারণে লাহোরের একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান। তাতে সাকিব ভক্তদের কিছুটা মন খারাপ হলেও রাজা যা করে দেখিয়েছেন, সেটিতে সাকিবের মুখেও হাসি ফুটেছে। লাহোরের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেননি সাকিব। তাতে ফাইনাল ম্যাচে রাজার ওপরই ভরসা রাখে লাহোর। 

তবে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার খেলতে পারবেন কি না, সেটি নিয়ে সংশয় ছিল। মাঠে নামার কিছুক্ষণ আগে তিনি দলের সঙ্গে যোগ দিয়ে খেলতে নামেন। প্রথম ওভারেই আগ্রাসী হয়ে ওঠা রাইলি রুশোকে সাজঘরে পাঠান রাজা। আর ব্যাট হাতে শেষ দুই ওভারে ৭ বল মোকাবিলা করে ২২ রান তুলে লাহোরকে শিরোপা এনে দেন। 

এদিকে সাকিব না খেললেও একাদশে ছিলেন আরেক বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তিনি লাহোরকে ফাইনাল পর্যন্ত আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফাইনালে বল হাতে একটি উইকেটও নিয়েছেন, ছিলেন কিছুটা খরুচে। লাহোরের জার্সিতে ছিলেন মেহেদী হাসান মিরাজও। কিন্তু তিনি কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি। শিরোপা উৎসবে যখন সাকিব-মিরাজ-রিশাদ নেমেছিলেন, তখন সেটিকে মিনি বাংলাদেশই মনে হয়েছিল। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে শিরোপা জিতেছিলেন রিশাদ, জিএসএলেও তিনি শিরোপা জিতেছিলেন। এরপর পিএসএল শিরোপা উঠল তার হাতে।