হাটে নেওয়ার পথে লুট হওয়া কোরবানির ১২ গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রামে নেওয়ার পথে মহাসড়কে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে সীতাকুণ্ড থানা-পুলিশ। সোমবার (২৬ মে) রাতে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিএ হাসপাতালসংলগ্ন একটি খালি জায়গা থেকে এসব গরু উদ্ধার করা হয়।

অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. তামিম ও আনোয়ার হোসেন। দুজনের বাড়ি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে। গত শনিবার রাতে সীতাকুণ্ডের বগুলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই ১২টি গরু লুট করা হয়। কোরবানির পশুর হাটে বিক্রির জন্য এসব গরু একটি পিকআপ ভ্যানে করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গরুর মালিক মো. মাহফুজ সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার তামিম স্থানীয় একটি ডাকাত দলের সদস্য। তাকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া গরুগুলো উদ্ধার করা হয়। পরে আরও একটি অভিযানে লুটে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “মহাসড়কে গতিরোধ করে ১২টি গরু লুট করা হয়েছিল। পুলিশের অভিযানে এসব গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরুর আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২২ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”