শিবচরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

শিবচরে পানিবন্দি ও নদী ভাঙ্গন কবলিত এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করলেন জেলা ও উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রবিবার (২১ জুলাই) সকালে উপজেলার বন্দরখোলা ও মাদবরচর ইউনিয়নে মাদারীপুরের জেলা প্রশাসক মো: ওহাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নেতৃত্বে ট্রলারযোগে পদ্মা নদীর প্রত্যন্ত চরাঞ্চল চরজানাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নের পানিবন্দি ও নদী ভাঙ্গন কবলিত পরিবারের মধ্যে জন প্রতি ১০ কেজি চাল,  ১কেজি ডাল,  ১কেজি চিনি, ১কেজি লবণ,  ২কেজি চিরা, ১কেজি সোয়াবিন তৈল, এক পেকেট নুডস বিতরণ করেন।

এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল নোমান, উপজেলা কৃষি অফিসার অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা যুবলীগের সভাপতি ও চরজানাজাত ইউপি সেক্টর কমান্ডার ইলিয়াছ পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বন্দর খোলা ইউপি সেক্টর কমান্ডা খায়রুজ্জামান খান, বন্দরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বেপারী, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান সরকার ও প্যানেল চেয়ারম্যান মালেক তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতারা। 

পরে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জেলা প্রশাসকের অনুমতিক্রমে বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, ভ্রাম্যমান চিকিৎসা ব্যবস্থা, আশ্রয় ও সকল প্রকার সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।

জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম বলেন, শিবচরে চর এলাকার ৫টি ইউনিয়নের বেশির ভাগ মানুষ পানিবন্দি অবস্থায় আছে। এদের মধ্যে কেউ কেউ রাস্তার উপর বা উঁচু স্থানে ঘর বাড়ি নিয়ে সরে এসেছে। আমরা যে ত্রাণ সরকারের পক্ষ থেকে পেয়েছি তা পর্যাপ্ত নয়। আমরা আরো ত্রাণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করেছি।

ইত্তেফাক/আরকেজি