কুষ্টিয়ায় মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুর থানায় মাদক মামলায় মাইক্রো চালকসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন- মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের হাজি আব্দুল মালেক মণ্ডলের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে সোহেল (৪০) এবং আনারুল ইসলাম মাস্টারের ছেলে মাইক্রো চালক আমিরুল ইসলাম (২৮)। এছাড়া এই মামলায় চার আসামির মধ্যে দৌলতপুর উপজেলার আব্দুস সামাদের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং আজহার মোল্লার ছেলে আতিয়ার রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালের ১০ আগস্ট বিকেল পৌনে ৪টায় উপজেলার ধলসা গ্রামে মিরপুর থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানকালে একটি মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের নীচ থেকে ২০২ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধারসহ আসামিদের আটক করেন।

ইত্তেফাক/আরকেজি