রংপুরে জাপা নেতার আলটিমেটাম, পাল্টা কর্মসূচি এনসিপির

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাপার কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র পদে পুনর্বহালের দাবিতে বুধবার (২৮ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সিটি করপোরেশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে নগরবাসী। 

এই সমাবেশ থেকে ৭ দিনের আলটিমেটাম ঘোষণা করা হয়েছে। মেয়র ও সকল কাউন্সিলরকে পুনর্বহাল করা না হলে ঈদের পর পরই লাগাতার অবস্থানসহ রংপুর অচল করে দেয়ার ঘোষণা দেন মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। তার এই বক্তব্যে রংপুরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বুধবার রাতে তারা পাল্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির রংপুর জেলা সংগঠক আলমগীর নয়ন বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে লিয়াজোঁ করে যারা ক্ষমতায় ছিল, তারা আজ রংপুরে মিছিল করেছে। মিছিলে তারা বলেছেন, আগামী সাত দিনের মধ্যে অপসারিত মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহাল করতে হবে। 

প্রশাসনকে আলটিমেটাম দিয়ে এনসিপির এই সংগঠক বলেন, ‘আমরা প্রশাসনকে বলতে চাই, তারা (জাপা) আবু সাইদের রংপুরে কীভাবে মিছিল বিক্ষোভ করার সাহস পায়? মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের দোসর-চামচাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’