জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে গিয়ে নিখোঁজের নাটক সাজানো স্বপন মুল্লাহ (৩০) নামে এক যুবককে ১৭ দিন পর চট্টগ্রামের উখিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাতে উদ্ধারকৃত স্বপনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বপন মুল্লাহ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের বাসিন্দা ও জসিম উল্লাহর ছেলে। তিনি সেন্টারিং কাঠ ও বাঁশের ব্যবসার সঙ্গে জড়িত।
সম্প্রতি প্রতিবেশীর সঙ্গে ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে তার বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বপন গত ১০ মে রাতে পরিবারের কাউকে কিছু না জানিয়ে আত্মগোপনে চলে যান এবং নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে দেন। পরদিন তার বাবা সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান শুরু করে। ঘটনার ১২ দিন পর, ২২ মে হঠাৎ স্বপনের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে বিপদের কথা জানিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এতে পরিবারের সন্দেহ আরও বাড়ে এবং তারা বিষয়টি দ্রুত পুলিশকে জানায়।
সরিষাবাড়ী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় স্বপনের অবস্থান শনাক্ত করে এবং বিষয়টি টেকনাফ থানা পুলিশকে অবহিত করে। পরে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রামের উখিয়া এলাকা থেকে স্বপনকে উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বপন মুল্লাহ নিজেরাই নিখোঁজের নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান। উদ্দেশ্য ছিল ব্যবসায়িক বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানো। প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে উদ্ধার করা হয় এবং বুধবার রাতে তাকে তার বাবা জসিম মুল্লার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”