শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হলে ঢুকে হত্যাচেষ্টার অভিযোগে ছাত্রদলকর্মী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলে ঢুকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ ফাকাব্বির সিন নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। শেখ ফাকাব্বির বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

বৃহস্পতিবার (২৯ মে) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটির সুপারিশে ফাকাব্বিরকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ মে সিন্ডিকেটের ২৩৬তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।’

এর আগে গত ৫ জানুয়ারি রাত ১০টার দিকে শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে ঢুকে হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

কক্ষে থাকা আমিরুল ইসলাম, আতিকুজ্জামান ও আবু হুরায়রা রাতিন জানান, অভিযুক্ত ফাকাব্বির পকেট থেকে ছুরি বের করে আমিরুলকে হত্যার চেষ্টা করেন।

আমিরুল ইসলাম বলেন, ‘টিউশন শেষে আমি রাত ৯টার দিকে রুমে ফিরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ফাকাব্বির শর্ট প্যান্ট পরে রুমে ঢুকে নিজেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে দাবি করে এবং ইউটিউব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায়। এরপর পকেট থেকে ছুরি বের করে আক্রমণের চেষ্টা করে। আমি দৌঁড়ে রুম থেকে বেরিয়ে প্রক্টরকে ফোন করে বিষয়টি জানাই।’

ঘটনার পর, ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ান ভয়েস’-এ শিবিরকে জড়িয়ে মিথ্যা পোস্ট দেন ফাকাব্বির। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিজ্ঞাসাবাদে সত্য উদঘাটন হলে তিনি ওই গ্রুপে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে জড়ানোর চেষ্টা করেছি, ভবিষ্যতে এমন কাজ আর করব না।’