শেরপুরে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়ি, দুটি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৮ মে) গভীর রাতে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপহার হিসেবে গরিব ও দুস্থদের মধ্যে সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের কতিপয় চাল ব্যবসায়ী ভিজিএফের চাল কালোবাজারি করে কিনে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়ি, দুটি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, চালের স্লিপগুলো বরাদ্দ অনুযায়ী ইউপি সদস্যদের দেওয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, জব্দকৃত চাল থানায় জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করা হবে।   

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জব্দকৃত চাল থানায় জমা আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেলে তদন্তর্পূবক ব্যবস্থা নেওয়া হবে।