ইস্তাম্বুলে শান্তি আলোচনায় ফের মুখোমুখি রাশিয়া–ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও শান্তি আলোচনায় বসতে যাচ্ছে দু’পক্ষ। সোমবার (২ মে) ইস্তাম্বুলে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুর আগেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংলাপের দ্বার খোলা রাখার আহ্বান জানিয়েছেন মস্কো ও কিয়েভের প্রতি।

বৃহস্পতিবার (২৯ মে) প্রেসিডেন্ট এরদোয়ানের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং তাদের বলেছি, যতক্ষণ আলোচনার দরজা খোলা থাকে, ততক্ষণ সেটি বন্ধ করা উচিত নয়।’

বুধবার (২৮ মে) রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় যে তারা ইস্তাম্বুলে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চায় এবং একটি শান্তি প্রস্তাব তুলে ধরবে। কিয়েভ অবশ্য জানিয়েছে, ফলপ্রসূ আলোচনার স্বার্থে তারা প্রস্তাবটি আগেই পর্যালোচনা করতে চায়।

ইস্তাম্বুলের ডলমাবাহচে প্রাসাদে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান। ছবি: সংগৃহীত

এরদোয়ান বলেন, ‘প্রতিটি আলোচনার সময় আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে মনে করিয়ে দিচ্ছি এই সুযোগ যেন হাতছাড়া না হয়। আমাদের অঞ্চলে ছড়িয়ে পড়া এই যুদ্ধ এখন বন্ধ করা আমাদের দায়িত্ব।’

শান্তি আলোচনার আগে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার (২৯ মে) তাঁর কিয়েভ সফরের কথা রয়েছে, যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার প্রায় তিন বছর পর ২০২৪ সালের ১৬ মে ইস্তাম্বুলে প্রথমবারের মতো শান্তি আলোচনায় বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। যদিও সেই আলোচনায় যুদ্ধবিরতি বা স্থায়ী শান্তির বিষয়ে কোনো বড় অগ্রগতি হয়নি। তথ্যসূত্র: এএফপি