শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বাতকঁচি নামাপাড়া এলাকায় গভীর রাতে বন্যহাতি বসতীঘরে হানা দিয়ে এবং তাণ্ডব চালিয়ে এক বিধবা বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে। বৃদ্ধাকে তার ঘর থেকে টেনে হিছঁড়ে বের করে হত্যা করে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
মধুটিলা রেঞ্জ বন কর্মকর্তা দেওয়ার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ছুরতন নেছা মৃত রঞ্জু শেখের স্ত্রী।
বনবিভাগ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে বাতকুঁচি-পলাশিকুড়া এলাকায় লোকালয়ে একদল বন্যহাতি নেমে এসে তাণ্ডব চালাতে থাকে। একপর্যায়ে বন্যহাতি বৃদ্ধা ছুরতন নেছার ঘরে হানা দিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে তাকে ঘর থেকে বের করে নির্মমভাবে হত্যা করে চলে যায়।
বনবিভাগ আরও জানায়, অতিসম্প্রতি নিহত বৃদ্ধার বসতবাড়ি হাতির দ্বারা বিধ্বস্ত হওয়ায় সরকার তাকে ক্ষতিপূরণ দিয়েছেন। এঘটনার আগে হাতি রাতে মধুটিলা ইকোপার্কের ভেতরে খাবার ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিনে ভাঙ্গচুড়সহ ভেতরে রাখা বিভিন্ন ধরণের কোমল পানীয়ও খাবার খেয়ে পা দিয়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে।
নালিতাবাড়ী থানারপরিদর্শক (ওসি) সোহেল রানা বলেন, নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে সুরতহাল রির্পোট তৈরি করে এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা রুজু করেছি।