নতুন দলগুলো পুরনো পথেই হাঁটছে, বদলেছে শুধু মুখগুলো: বাঁধন

ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় এবং রাজপথে সক্রিয় জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। নতুন দলগুলো সেই পুরনো পথেই হাঁটছে, শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

বাঁধন লিখেছেন, ‘দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয়, নতুন চিন্তাধারাও দরকার। যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করল তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে। নতুন ধরনের চিন্তা-ভাবনা আসবে। দেশের জন্য ভালো পরিকল্পনা হবে। কিন্তু এখন মনে হচ্ছে, সে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে!’

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

অভিনেত্রী আরও লিখেছেন, ‘নতুন দলগুলোর অনেকেই এখন পুরোনো পথেই হাঁটছে। একই কৌশল, একই ক্ষমতার খেলা। শুধু মুখগুলো বদলেছে। এটা তো আমরা চাইনি। দেশর জন্য এটার প্রয়োজন নেই। পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয়। আসল পরিবর্তন তখনই আসে, যখন নতুন চিন্তা, ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে। এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয়। এটা সবার যারাই রাজনীতিতে আছেন।’

বাঁধনের ফেসবুক পোস্ট

সবশেষে বাঁধন লিখেছেন, ‘আমরা যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে। ক্ষমতা অর্জনই যেন একমাত্র লক্ষ্য না হয়। অগ্রগতিই হোক লক্ষ্য। আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে। আমরা যদি আবারও পুরোনো পথ ধরি তাহলে পুরোনো ফল পাব। আমরা ভালো কিছু চাই। আর ভালো কিছুর শুরুটা হয় নতুন চিন্তা থেকে।’

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

আসছে ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার’। সানি সানোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। বাঁধনের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, সুষমা সরকার, শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।