খাগড়াছড়ি সীমান্তে পুশইন

ঝড়বৃষ্টির মধ্যে জোর করে তাদের ঠেলে দেওয়া হয় নদীতে

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে চারদিনের মাথায় শুক্রবার (৩০ মে) আরও ১৪জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। এদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং বাকী ১০ জন নারী ও শিশু। 

স্থানীয়রা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঝড়-বৃষ্টির মধ্যে বিএসএফ অত্যন্ত নির্দয় ও অমানবিকভাবে জোরপূর্বক তাদেরকে সীমান্তবর্তী নদীতে ঠেলে দেয় বাংলাদেশে যাওয়ার জন্য।

এর আগে গত ২৬ মে একই সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পুশইন বিএসএফ।

শুক্রবার(৩০ মে) ভোরের দিকে ১৪ জনের দলটিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম জানিয়েছেন।

তিনি বলেন, পুশ-ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছেন। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তারের পর মাটিরাঙা সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএফ।

পুশ-ইন হওয়া এই ১৪ জন নারী, পুরুষ ও শিশুর পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গার ইউএনও।

এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে  প্রায় ১০৪ জনকে পুশ-ইন করা হয়েছে।