ফাইনালের মঞ্চ প্রস্তুত 

মিউনিখে ইন্টার-পিএসজির মহাযুদ্ধ আজ 

ফুটবল দুনিয়ায় চলছে চ্যাম্পিয়নস লিগ বন্দনা। বাজছে মাঠের যুদ্ধের দামামা। একদিকে প্যারিস জায়ান্টদের আক্রমণভাগের ঘূর্ণিঝড়। অন্যদিকে ইন্টারের পরীক্ষিত রক্ষণভাগের দৃঢ়তা। এই ম্যাচ শুধু একটি শিরোপা নির্ধারণী ম্যাচই নয়, বরং এটি ইতিহাস গড়ার লড়াই। ক্লাব ফুটবলের সবচেয়ে শিরোপার পরবর্তী কোথায়, মিলান নাকি প্যারিস। সেটার জন্য অপেক্ষা করতে হবে রাতের শেষ প্রহর পর্যন্ত।   

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৭০তম আসরের ফাইনাল আজ। ম্যাচটি জার্মানির মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রাত ১টায় অনুষ্ঠিত হবে। ফাইনালে ইন্টারকে হতাশায় ডুবিয়ে শেষ হাসি হাসতে পারলে চ্যাম্পিয়নস লিগের প্রথম শিরোপা জয়ের পাশাপাশি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেবল জিতবে পিএসজি। 

অন্যদিকে ট্রেবল জয়ের দৌড়ে থাকলেও লিগ শিরোপা এবং কোপা ইতালিয়ার হারের সেই স্বপ্ন শেষ হয়ে যায় ইতালির ক্লাবটি। তবে চ্যাম্পিয়নস লিগের শিরোপ জয় নিয়ে আত্মবিশ্বাসী ইন্টার বস সিমোন ইনজাঘি। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সে ইন্টারের চেয়ে কিছুটা হলেও এগিয়ে আছে লুইস এনরিকের দল। পুরো মৌসুমই দুর্দান্ত কাটিয়েছে প্যারিসের দলটির। যদিও চ্যাম্পিয়নস লিগ অভিজ্ঞতার খেলাও। 

বড় মঞ্চে ভালো কিছু করতে দরকার অভিজ্ঞতা। সেখানে ইন্টারের চেয়ে পিছিয়ে আছেন ডেম্বেলে-হাকিমিরা। এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ছয়বার ফাইনাল খেলেছে ইন্টার মিলান এবং দলটি তিনবার উঁচিয়ে ধরেছে শিরোপা। সর্বশেষ ১৪ বছর আগে এই লিগে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল ইতালিয়ান জায়ান্টরা। 

যদিও ২০২২-২৩ মৌসুমে ইউরোপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি লাওতারোদের। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেবার অশ্রুসিক্ত চোখ নিয়ে ঘরে ফিরেছে দলটি। তবে এবার আর সেই ভুল করতে চান না ইনজাঘি। 

অন্যদিকে ২০১৯-২০ মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে পিএসজি। তারকা নেইমার ও তরুণ এমবাপ্পেকে নিয়েও শিরোপার স্বাদ পায়নি ফরাসি ক্লাব। বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেবার খালি হাতে ফিরেছিলেন তারা। বিষয়টা কাকতালীয় হলেও এবার মিউনিখের ঘরের মাঠে শিরোপার জন্য লড়াই করবে পিএসজি। যাদের কাছে হেরেছে তাদের মাঠ থেকে ইউরোপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরায় সুযোগ পিএসজির সামনে। 

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এখন পর্যন্ত মুখোমুখি হয়নি এই দুই দল। প্রথমবারের মতো এই লিগে মুখোমুখি হবে পিএসজি এবং ইন্টার মিলান। এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন ইন্টার লাওতারো মার্টিনেজ। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৫ নম্বরে এই আর্জেন্টাইন। তবে কম যান না প্যারিসের প্রাণভোমরা উসমান ডেম্বেলে। ৮ গোল করে এই তালিকায় ৬ নম্বরে আছেন এই ফরাসি তারকা।