টিসিবির জব্দকৃত ১০০ কেজি মসুর ডাল এতিমখানায় দিলো প্রশাসন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজার থেকে জব্দ করা ১০০ কেজি মসুর ডাল এতিমখানায় বিতরণ করলো উপজেলা প্রশাসন। এসময় অভিযুক্ত দোকানদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

শনিবার (৩১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী বাজারের শামসুল মুদি স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন।

টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে এক মুদি দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ১০০ কেজি মসুর ডাল জব্দ করা হয়। পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ তা এতিমখানায় বিতরণ করেন।

জানা যায়, সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বরাদ্দকৃত টিসিবির মসুর ডাল দোকানে মজুত করে রাখা হয়েছে। ইউএনও বিষয়টির সত্যতা পেয়ে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং দোকান থেকে ১০০ কেজি মসুর ডাল জব্দ করা হয়।

ইউএনও পলাশ কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, সরকারি ভর্তুকির পণ্য মজুত বা কালোবাজারে বিক্রি করা সম্পূর্ণ বে-আইনি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।