কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম মারা গেছেন।
শনিবার (৩১ মে) ভোর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারুল আজিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন মরহুম আনোয়ারুল আজিম। ধার্মিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হলো। কেননা, স্বৈরাচার আওয়ামী লীগ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ পুনর্গঠনে তার মতো রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নজরুল ইসলাম আজাদ শোকবার্তায় মরহুম আনোয়ারুল আজিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।