যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে স্থানীয় সময় রোববার দুপুরে ইসরায়েলপন্থী একদল বিক্ষোভকারীর ওপর পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। খবর বিবিসি ও আল জাজিরার।
দেশটির পুলিশ এই ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আল জাজিরা জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভকালে এই হামলা হয়েছে।
এফবিআইয়ের প্রধান ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত। পুরো ঘটনার আদ্যোপান্ত তদন্ত করছি।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি মলোটভ ককটেল–সদৃশ (পেট্রলবোমা) কিছু ছুড়ে মারেন এক ব্যক্তি।
এক ভিডিওতে দেখা যায়, গায়ে জামা (শার্ট) না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে। ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’।
বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।
স্টিভ রেডফার্ন আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে।