ভারতের ছত্তিশগড় থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভয়াবহ ঝড়ের কবলে পড়ে আতঙ্কিত হন যাত্রীরা। রোববার (১ জুন) বিকেলে দিল্লির আকাশে ধুলোঝড়ের সময় বিমানটি অবতরণের মুহূর্তে প্রচণ্ড ঝাঁকুনির সম্মুখীন হয়।
সংবাদ সংস্থা এএনআই জানায়, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার ঠিক আগে হঠাৎই তীব্র ঝড়ে পড়ে যায় ফ্লাইটটি। ঝাঁকুনির মাত্রা এতটাই বেশি ছিল যে, পাইলট তৎক্ষণাৎ বিমানটিকে আবার আকাশে তুলে নেন এবং কয়েক মিনিট পর আবহাওয়া কিছুটা শান্ত হলে নিরাপদে অবতরণ করান।
যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি, তবে ফ্লাইটে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের ঝাঁকুনির সময় পাইলট যাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা দিচ্ছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন।
একজন যাত্রী জানান, 'বিমানটি দুলছিল, মনে হচ্ছিল যেকোনো সময় ভেঙে পড়বে। পাইলট বারবার বলছিলেন, ঝড়ের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার।'
ইন্ডিগোর পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, এদিন বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঝড়ের কারণে দিল্লিগামী অন্তত চারটি বিমানের রুট পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭৬ কিলোমিটার।
উল্লেখ্য, এর আগেও ২১ মে দিল্লি থেকে শ্রীনগরগামী একটি বিমানের সামনের অংশ শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে বিমান চলাচল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে।
বৈরী আবহাওয়া ও ঘন ঘন ঝড়-তুফান বর্তমানে ভারতের বিভিন্ন অঞ্চলে আকাশপথে যাতায়াতকে বিঘ্নিত করছে, যার ফলে যাত্রী ও বিমান কর্তৃপক্ষকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।