মিউনিখের আলিয়াঞ্জ আরেনায় আলো ঝলমলে রাত পিএসজি তাদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরেছে। সমর্থক-খেলোয়াড় কিংবা কর্মকর্তা সবার আনন্দের কমতি ছিল না। কিন্তু ট্রফির চেয়েও বেশি আলো ছড়িয়েছে এক বাবার নিঃশব্দ ভালোবাসা, যে ভালোবাসা ছয় বছর আগে হারিয়ে যাওয়া এক ছোট্ট মেয়ের জন্য।
পিএসজি স্প্যানিশ কোচ লুইস এনরিকে ম্যাচ শেষে যখন একটি বিশেষ টি-শার্ট পরে মাঠে আসেন, তখন হাজারো ক্যামেরা ধরা পড়ে সেই মুহূর্ত। টি-শার্টে আঁকা একটি কার্টুন। সেখানে একটি ছোট মেয়ে, যার নাম জানা, তার বাবার হাত ধরে নাড়াচ্ছে পতাকা। এই দৃশ্য ছিল বাস্তব ২০১৫ সালে, বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতে, এনরিকের কোলে ছিল সেই জানা। সেবারও ট্রেবল কাতালানদের হয়ে ট্রেবল জিতেছিলেন এনরিকে। কিন্তু ২০১৯ সালে, মাত্র ৯ বছর বয়সেই ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে যায় জানা।
ইন্টার মিলানের বিপক্ষে ফাইনালের আগে এনরিকে বলেছিলেন যে তিনি শিরোপা জিততে চান তার ছয় বছর আগে প্রয়াত মেয়ের জন্য। তিনি তার কথা রেখেছেন। কোচের হাতে শিরোপা তুলে দিতে খেলোয়াড়রা কোনো কমতি রাখেনি। গোলের বন্যা বইয়েই জয় তুলে নিয়েছে। সমর্থকরাও কম যায়নি। গ্যালারির একপাশে, পিএসজি সমর্থকরা উঁচিয়ে ধরেন একটি টিফো (ব্যানার)। তাতে দেখা যায় এনরিকে পিএসজির পতাকা হাতে, আর পাশে ছোট্ট জানার প্রতিচ্ছবি যেন সে আজও বাবার পাশে দাঁড়িয়ে, শিরোপার আনন্দ ভাগ করে নিচ্ছে।
এই ব্যানার দেখে বহু দর্শক চোখের পানি লুকোতে পারেননি। ম্যাচ শেষে এনরিকে বলেন, 'এই জয় শুধুই ফুটবলের নয়। এই জয় আমার মেয়ের জন্য। জানা আজও আমার হৃদয়ে বেঁচে আছে, সে আজ এই রাতের সাক্ষী।'