বিনামূল্যে চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বরাদ্দ ৬ হাজার ৩৩০ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে বিনামূল্যে চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির জন্য বড় অংকের বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেটে বিনামূল্যে চিকিৎসা ও প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির জন্য ৬ হাজার ৩৩০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন তিনি।

প্রস্তাবিত বাজেটে এবার জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪২৫ কোটি ২০ লাখ টাকা। তারুণ্যের উৎসবের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা, বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচিতে ২ হাজার ১৬৪ কোটি টাকা এবং বেকারত্ব দূরীকরণের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা সৃষ্টির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা।

এছাড়া বয়স্ক ভাতা ৬০০ থেকে বৃদ্ধি করে ৬৫০ টাকা, বিধবা ভাতা ৫৫০ থেকে বৃদ্ধি করে ৬৫০ টাকা, প্রতিবন্ধী ভাতা ৮৫০ থেকে বৃদ্ধি করে ৯০০ টাকা, মা ও শিশু ভাতা ৮০০ থেকে বৃদ্ধি করে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার আরও ৫ লাখ পরিবার টিসিবি’র স্মার্ট কার্ড পাবেন, যেখানে পণ্য মিলবে ৬ মাসে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা নির্ধারণ ধরা হয়েছে। এরমধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯৯ হাজার কোটি। বাকি ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।