ওটিটিতে সিনেমা, সিরিজ দেখায় খরচ বাড়তে পারে

নতুন বাজেটে ওটিটি বা ওভার দ্য টপ প্লাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। তাতে অনলাইনে সিনেমা, সিরিজসহ বিভিন্ন কন্টেন্ট দেখতে বাড়তি খরচ গুনতে হবে দর্শকদের।

সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বাজেটে যেসব শুল্ক-কর প্রস্তাব করা হয়, তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ককর বাড়লে দাম বেড়ে যেতে পারে।

সেই তালিকায় রয়েছে ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফরমে শুল্ক আরোপ করা হয়েছে। এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বাড়তে পারে ওটিটিতে সিনেমা দেখার খরচ।

বাজেট প্রস্তাবনার সময় অর্থ উপদেষ্টা জানান, ওটিটি প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্ম সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছে। সেগুলোর মধ্যে চরকি, বায়োস্কোপ, বঙ্গো, বিঞ্জ, টফিসহ রয়েছে কয়েকটি দেশি প্ল্যাটফরম।