জমি নিয়ে বিরোধের জেরে কমলগঞ্জে চাচার হাতে ২ ভাতিজি খুন, আহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) গুরুতর আহত হন এবং তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ জুন) বিকাল ৫টায় উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে নিজের দুই ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে হত্যা করেন। নিহতরা গ্রামের আবু মিয়ার কন্যা। 

মাসুক আলীর হাত থেকে বাঁচতে গিয়ে বড় ভাই আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম (৫৫) গুরুতর আহত হন এবং তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই মাছুমা বেগম ও শারমিন আক্তার নিহত হয়েছেন। তাদের মা হাজিরা বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং মাসুক আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির দুই বোনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত হাজিরা বেগমকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।