সিগারেটের দাম নিয়ে বাগবিতণ্ডা, ক্রেতার মাথা ফাটালেন বিক্রেতা

রাজশাহীর দুর্গাপুরে সিগারেটের দাম বাড়ানো নিয়ে বাগবিতণ্ডায় ক্রেতার মাথা ফাটানোর অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ জুন) সকালে দুর্গাপুর পৌরসভার দেবীপুর বাজারে এই ঘটনা ঘটে। আহত রনি ইসলামকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী রনি ইসলাম বলেন, ‘সকালে দুটি সিগারেট কিনে নেওয়ার পর দোকানদার জহুরুল ইসলামকে ২০ টাকা দেওয়া হয়। এ সময় তিনি টাকা ফেরত দিয়ে বলেন, পিসপ্রতি সিগারেটের বিপরীতে আরও দুই টাকা করে বেশি দিতে হবে। কোনো ঘোষণা ছাড়া আমি হঠাৎ তাকে সিগারেটের দাম বেশি দিতে না চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দোকানদার জহুরুল বাঁশের লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করেন।’

রনি আরও বলেন, ‘১০ টাকা পিস সিগারেট কিনে খাই। হঠাৎ এই দোকানদার দাম বাড়িয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন। অথচ পাশের দোকানগুলোতে অনেকেই আগের দামে বিক্রি করছেন।’

জানতে চাইলে মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, ‘শুধু আমিই না। এখন সব দোকানেই সিগারেটের দাম বেশি নিচ্ছে। তার সঙ্গে তেমন কিছু হয়নি। ধাক্কা লেগে সে পড়ে আহত হয়েছে।’

জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘এমন কোনো ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’