ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটারজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে শুরু হওয়া এ যানজটে পড়েছেন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো হাজারো যাত্রী।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, সকালে একটি দুর্ঘটনার পর এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। তবে ভুক্তভোগী চালক ও যাত্রীরা বলছেন, সড়কে পুলিশের পর্যাপ্ত নজরদারির অভাবেই পরিস্থিতির এমন অবনতি ঘটেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকামুখী লেনে একটি ট্রাকের পেছনে একের পর এক দুটি গাড়ি ধাক্কা দিলে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়। সকাল ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

তবে এর আগেই সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, ভাটিয়ারী পোর্টলিংক, শীতলপুরের বিএম কন্টেইনার ডিপো, কুমিরার কেডিএস ডিপোসহ আশপাশের এলাকায় গাড়ির দীর্ঘ সারি আটকে আছে।

চট্টগ্রামমুখী একটি বাসের চালক আবদুল জব্বার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিনই এমন জট লেগে থাকে। হাইওয়ে পুলিশের সঠিক নজরদারি থাকলে এমনটা হতো না। আজ তিন ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি।’

একই অভিযোগ কুমিল্লাগামী বাসযাত্রী জাওয়াত হোসেনের। তিনি বলেন, ‘সকাল থেকে একই জায়গায় বসে আছি। যানজট কবে ছাড়বে, বুঝতে পারছি না। ঈদের আগে এমন দুর্ভোগের মধ্যে পড়বো ভাবিনি।’

এদিকে মহাসড়কে যানজটের ফলে শুধু যাত্রী নয়, পণ্যবাহী যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা লজিস্টিক খাতে বাড়তি চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।