খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে ঢাকার পথে সোহাগ মৃধা

প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার পথে রওনা দিয়েছেন কৃষক সোহাগ মৃধা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার দিকে ঢাকঢোল পিটিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

জানা গেছে, প্রায় ৩৫ মণ ওজনের, ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার বিশাল এই গরুটি দেখে মুগ্ধ এলাকাবাসী। গরুটি কুচকুচে কালো রং এর হওয়ায় ভালোবেসে এ গরুটির নাম রাখেন ‘কালো মানিক’। সোহাগ মৃধা দীর্ঘ ৬ বছর যাবৎ পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতি যত্নে নিজ গোয়ালঘরে লালন-পালন করেন গরুটি। এক সময় ১০ লাখ টাকা দাম উঠলেও তিনি গরুটি বিক্রি করেননি।  

সোহাগ মৃধা জানান, বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি একজন মা ও দেশের গর্ব। তার প্রতি আমার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে শুভ কামনা জানিয়ে বিদায় জানান। অনেকেই বলেন, রাজনৈতিক ভালোবাসা ও শ্রদ্ধা কতটা গভীর হতে পারে—সোহাগ মৃধার এই উদ্যোগ তার অনন্য উদাহরণ। এটি খালেদা জিয়ার প্রতি একজন কর্মীর ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ।