ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পিকআপ ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার টিকরপুর এলাকার নির্মাণাধীন আইটি পার্কের সামনের আঞ্চলিক প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ঢালেরপাড় গ্রামের লিয়াজ উদ্দিনের সামছু খান (২৮)। অপর নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। তারা দুজনেই অটোরিকশার যাত্রী ছিলেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে চালক দোহারে আসছিলেন। পথে অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।