ঈদের নামাজে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকালে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আজিজুল ইসলাম জানান।

নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে চাঁন মিয়া এবং তার চার বছরের ছেলে আব্দুল্লাহ।

ওসি আজিজুল ইসলাম বলেন, ঈদের নামাজ পড়ার জন্য চাঁন মিয়া ছেলে আব্দুল্লাহকে নিয়ে বাড়ি থেকে বের হন। পথে তড়িঘড়ি করে ঢাকা-বগুড়া মহাসড়কের ডিভাইডার টপকে বিপরীত পাশে ঈদগাহে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।